৫০০ টাকার লোভে শিশুকে নদীতে ধাক্কা, ২০ দিন পর ভেসে উঠলো লাশ

প্রবাহ রিপোর্ট ঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাত্র ৫০০ টাকার জন্য পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদকে ধাক্কা দিয়ে ব্রহ্মপুত্র নদে ফেলে দেয় শামীম হোসেন (১৫) নামের এক কিশোর। ঘটনার ২০ দিন পর নদে শিশুটির লাশ ভেসে ওঠে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় নদে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ১১টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু মুজাহিদ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার বাবুল আক্তারের ছেলে। অভিযুক্ত শামীম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত ১০ মে দুপুরে পাটাধোয়া পাড়ায় ধাক্কা মেরে মুজাহিদকে নদে ফেলে দেয় শামীম। ঘটনা জানাজানি হলে জড়িত থাকার সন্দেহে ১১ মে শামীমকে গ্রেপ্তার করে আদালত পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুজাহিদ তার বাবা-মায়ের অগোচরে ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। সে সময় অভিযুক্ত শামীম মুজাহিদের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় বেড়ানোর কথা বলে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। পরে মুজাহিদের কাছ থেকে শামীম জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপর থেকে মুজাহিদ নিখোঁজ হয়। ২০ দিন পর সেই নদের ধাক্কা দিয়ে ফেলে দেয়ার স্থানেই শিশুটির লাশ ভেসে উঠে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে লাশ নদে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে নিহত শিশুর পরিবার। ঘটনার পর দিন শামীম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



