স্থানীয় সংবাদ

আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় এবার যশোরে কাঁঠালের বাম্পার ফলন

মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
মধুমাসের ঘনঘটায় যশোরের মণিরামপুর উপজেলার প্রতিটি গ্রামে গাছে গাছে ঝুলছে মিষ্টি গুণ সম্পন্ন জাতীয় ফল কাঁঠাল। আবহাওয়া অনেকটা অনুকুলে থাকায় এবার যশোরে কাঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবার প্রতিটি কাঁঠাল গাছের শাখায় ঝুলছে বড় বড় কাঁঠাল। প্রকৃতি যেন অপূর্ব সাজে সাজিয়েছেন কাঁঠালে কাঁঠালে। প্রতিটি গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত ঝুলছে কাঁঠাল। গ্রাম-গঞ্জের প্রতিটি পতিত জায়গা,পথে-প্রান্তরে, বাগানে, বসতবাড়ির আনাচে-কানাচে, রাস্তার ধার, পুকুর পাড়, বিভিন্ন অফিস চত্বর, বিদ্যালয়ের আঙিনার গাছে গাছে ধরেছে অসংখ্য কাঁঠাল। জ্যৈষ্ঠ মাস পেরিয়ে আষাঢ় মাস এলেই মনকাড়া লোভনীয় কাঁঠাল ফলের গন্ধে মুখর হয়ে উঠবে প্রতিটি বাড়ীর আঙিনা ও হাট-বাজার। ইতিমধ্যে বাজারে দু-একটি পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে। পাইকাররা গ্রামে এসে আগামভাবে কিনে রাখা কাঁঠালের বাগানের কিছু কিছু গাছ থেকে কাঁঠাল কাটা শুরু করেছে। গত ২৯ মে সকাল ১০ টায় মণিরামপুর পৌর এলাকার কাউন্সিলর আসাদের বাড়ীর পাশের্^ একটি কাঁঠাল বাগানে যেয়ে দেখা যায়, পাইকাররা আগামভাবে কিনে রাখা গাছ থেকে কাঁঠাল কাটছে। এ সময় কথা হয় কেশবপুর বাজারের কাঁঠালের ব্যাপারি আজিবরের সাথে। তিনি জানান, মাস দুই আগে এই বাগানের ৪টি গাছের কাঁঠাল সাড়ে ৭ হাজার টাকা দিয়ে কিনেছেন। কাঁঠালের বাম্পার ফলন হওয়ায় বেশ লাভের আশা করছেন তিনি। তবে দীর্ঘ তাপদাহের কারণে কাঁঠালে এক ধরনের পচা রোগ দেখা দেওয়ায় কিছু কিছু কাঠাল কম দামে বিক্রি করতে হবে। কাঁঠালের সাইজ বেশ মোটা হওয়ায় বেচা-বিক্রি ভালই হবে বলে তিনি আশা করছেন। উপজেলার ঢাকুরিয়া গ্রামের হাফেজ সাইফুল জানান, বাজারে কাঁচা কাঁঠালের বাজারদর ভাল হওয়ায় তিনি আগে ভাগেই ইচেড় বিক্রি করে দিয়ে লাভবান হয়েছেন। স্থানীয় খুচরা বাজারেও কাঁঠাল বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। উপজেলার ঝাঁপা গ্রামের কৃষক লিটন জানান, এবার আমের ফলন কম হওয়ায় স্থানীয় বাজারে কাঁঠালের চাহিদা বেশী। তাই ভাল দামেই কাঁঠাল বিক্রি হচ্ছে। উপজেলার ঘুঘুরাইল গ্রামের কাঁঠালের ব্যাপারি সাহেব আলী জানান, এবার কাঁঠালের ফলন ভাল হওয়ায় ব্যবসা ভালই হচ্ছে। প্রতিদিন গ্রামের বাগান থেকে কাঁঠাল কিনে কেশবপুরের পাইকারী বাজারে বিক্রি করে কাঁঠালের চাহিদা থাকায় ব্যবসায় বেশ লাভবান হচ্ছেন বলে তিনি জানান। উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের বাসিন্দা হাসান আলী জানান, তাদের ১২টি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। এগুলো পরিবারের চাহিদা মিটিয়ে, মৌসুমি ফলের উপহার হিসেবে আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো হয়। যাদের গাছ নেই তারাও নিয়ে যায়। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন, যশোরের মণিরামপুর উপজেলার ভূমি সমতল ও বেলে-দোঁআশ হাওয়ায় কাঁঠাল চাষে খুবই উপযোগী। চলতি বছর কাঁঠালের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে নজরকাড়া কাঁঠাল এসেছে। ‘কাঁঠাল গ্রাম বাংলার একটি জনপ্রিয় ফল। এটি অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন জাতীয় ফল।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button