কেসিসির জোড়াগেট কোরবানি পশুরহাট উদ্বোধন ১০ জুন

# রাজস্ব আদায়ের টার্গেট ২ কোটি ৩৫ লাখ টাকা #
স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর জোড়াগেট কোরবাণীর পশুর হাট উদ্বোধনের দিন তারিখ চূড়ান্ত করা হয়েছে। সোমবার দুপুরে হাট পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যা মেয়র অনুমোদন দিয়েছে বলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বাজার সুপার আঃ
মাজেদ মোল্লা জানান। সে মতে, আগামী ১০ জুন বেলা ১২টায় হাট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেয়রের নির্দেশনা মতে ২/১ দিনের মধ্যেই এ ব্যাপারে মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ শুরু হবে। আজ মঙ্গলবার হাট পরিচালনা কমিটি সরেজমিন হাট পরিদর্শনে যাবেন বলে তিনি জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর জোড়াগেটে কোরবানির গরু-ছাগলের হাট-২০২৪ আয়োজনের লক্ষ্যে হাট পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ২টা নগরভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির আহবায়ক কাউন্সিলর এস এম রফি উদ্দীন আহমেদ। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম। সভায় অংশ নেন ও মতামত পেশ করেন হাট পরিচালনা কমিটির সদস্য সচিব কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার আঃ মাজেদ মোল্লাসহ কাউন্সিলর ও কর্মকর্তারা। কেসিসির বাজার সুপার আঃ মাজেদ মোল্লা বলেন, এবার এ হাটে রাজস্ব আদায়ের টার্গেট ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকা। গত বছর টার্গেট ধরা হয় ২ কোটি ২৫ লাখ টাকা। আদায় হয় ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকা। হাটে বিগত দিনের ন্যায় জালটাকা সনাক্তকরণ মেশিন থাকবে, ব্যাংকিং লেনদেনের সুযোগ হাটেই থাকবে। থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। নগরীতে কোন ধরণের অবৈধ হাট বসতে না পারে সে ব্যাপারে থাকবে মোবাইল টিম। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, নগরীতে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের তালিকা প্রায় করা হয়েছে। তালিকা নিয়ে কোন সংযোজন বা বিয়োজন আছে কি না সে ব্যাপারে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নিকট মতামত চাওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে মেয়রকে দেয়া হবে। মেয়র তালিকা দেখে তা চূড়ান্ত করবেন। এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও তার টিম আন্তরিকতার সাথে পশু চিকিৎসা সেবা দিয়ে যাবেন। একই সাথে হাটে যাতে কোন ধরণের অসুস্থ্য গরু-ছাগল প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্তক নজর রাখবেন। উল্লেখ্য, প্রতি বছরই কেসিসি জোড়াগেটে কোরবাণীর পশুর হাটের আয়োজন করে। এটা খুলনাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ হাট হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। পশু ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়া নিয়ে সুনাম কুড়িয়েছে হাট। ঈদের দিন সকাল পর্যন্ত এ হাটে পশু বেচাবিক্রি হয়।



