খুলনার বিসিক মেলায় বইয়ের স্টল নজর কেড়েছে সবার

প্রচারণার অভাবে জমছে না মেলা
স্টাফ রিপোর্টার ঃ খুলনার বিসিক মেলায় বইয়ের স্টল নজর কেড়েছে সবার। ৩৭টি স্টলের মধ্যে এমনই একটি সৃজনশীল স্টল পেয়ে মেলায় আগতদের বড় অংশ খুশি। তবে প্রচারণা-প্রচারণার অভাবে মেলা জমছে না বলে স্টল মালিকদের অভিযোগ। তবে কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, একই সময় বিভিন্ন এলাকায় মেলা হওয়ায় দর্শক সমাগম কম হচ্ছে। মেলায় ঢুকতেই দেখা মেলা গণমাধ্যম কর্মী মোঃ শামীমুজ্জামানের সাথে। তিনি বিরক্তি সুরে বলেন, এই গরমে কেউ মেলার আয়োজন করে। ভিতরে ঢুকতেই নান্দনিক সজ্জায় বইয়ের স্টল চোখে পড়ে। স্টলের নাম দেয়া হয়েছে আসফিয়া লাইব্রেরী। স্টল মালিক কেএমতুহিন বাবু বলেন, পোশাক আর ব্যাগের ভিতরে বইয়ের স্টল সবার নজর কেড়েছে। যে আসছেন সেই প্রশ্ন করছেন। বিশেষ করে শিশুরা বেশী আকর্ষণ করছে। তাদেরকে বই কিনে দিতেই হচ্ছে অভিভাবকদের। মেলায় সবচেয়ে বেশী বই বিক্রি হচ্ছে শিশুদের কাছে। আগামী ১২ জুন মেলা শেষ হচ্ছে বলে তিনি জানান। তামান্না আক্তারসহ দু’বান্ধবী মেলায় ঘুরতে এসে পছন্দের বই পেয়ে ক্রয় করেছেন। তিনি বিখ্যাত লেখ হুমায়ুন আহমেদের বই “তোমাকে” কিনেছেন। তিনি বলেন, প্রতিটি মেলায় বইয়ের স্টল থাকা উচিত। তাহলে অন্য কিছুর পাশাপাশি মানুষ বই কিনতে পারবে। এটা একটা ইতিবাচক দিক বলে মনে করেন এই কলেজ ছাত্রী। তিনি সুন্দরবন কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী বলে জানান। নৃ ভুষণ স্টলের মালিক মীর্জা মিরানা শিরিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রচার-প্রচারণার অভাবে আজ মেলাটা জমছে না। ছুটির দিন ক্রেতা সামাল দিতে হিমশিম খেতে হয়। সেখানে ফাঁকা মেলার মাঠ। তার স্টলে পাটের তৈরী হরেক রকমের ব্যাগ, মাটির ফুলদানি বিক্রি করছেন। সুচারু জুট গ্যালারির প্রতিনিধি মিরাজ ইসলাম বলেন, তার স্টলে পাটের তৈরী ব্যাগ, লেদার পণ্যসহ হরেক রকমের পণ্য বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতা কম থাকায় বিক্রি কম হচ্ছে বলে তিনি জানান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা সর্ব সাধারনের জন্য খোলা থাকে। বিসিকের উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, মেলা নয়, বরং তা আমাদের ঐতিহ্যেরও ধারক এবং বাহক। তেমনি আধুনিকতার সঙ্গে প্রতিবারই এ মেলা হয়ে ওঠে আরও নান্দনিক। একই সময় নগরীর বিভিন্ন স্থানে মেলার আয়োজন করায় দর্শক সমাগম কম হচ্ছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, গত ৩ জুন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) উদ্যোক্তা মেলার আয়োজন করে। শিববাড়িমোড়স্থ বিসিকের কার্যালয় চত্বরে চলমান মেলা থাকবে আগামী ১২ জুন পর্যন্ত। আয়োজন করেছে খুলনা বিসিক কার্যালয়।



