জাতীয় সংবাদ

বান্দরবানে কেএনএফের আরও ৬ সদস্য গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি থানার মামলার আসামি রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা (১) ইসহাক বম (৩৮), (২) মুনকিম লিয়ান বম (৪৩), (৩) রোয়াল লিয়ান সাং বম (৩০) ,(৪) রাম চনহ সাং বম (২৫), (৫) রোয়ালে খুম লিয়ান বম (৪০), (০৬) কাপ ময় থাং বম (৩৪)। বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াছড়ি থানার দায়ের করা ১ নম্বর মামলায় ছয় আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমায় শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামিদের ধরতে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান চলছে। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারের সঙ্গে অংশ নিয়েছে সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১০৫ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button