বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালো পুলিশ

প্রবাহ রিপোর্ট : গত ৫ আগস্ট সরকার পতনের পর সারাদেশে পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটে। এরপর কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এর এক সপ্তাহ পর আবার কর্মস্থলে যোগ দেন তারা। ধীরে ধীরে থানাসহ পুলিশের সব ইউনিটে কার্যক্রম শুরু হয়। এর মাঝে কয়েকদিনের টানা বর্ষণ আর ভারত থেকে আসা ঢলে দেখা দিয়েছে বন্যা। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্টগার্ড ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার বন্যাকবলিতদের পাশে দাঁড়ালো পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


