মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময়কার কামানের গোলা উদ্ধার

প্রবাহ রিপোর্ট : মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত একটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে কামানের গোলাটি পাওয়া যায়। গতকাল রোববার সকালে কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদীতীরের মাটি খননের সময় এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খননকাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছেন পুলিশের কর্তাব্যক্তিরা। স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এ এলাকায় বেশ কোটি গোলাবারুদ বিস্ফোরিত হয়। গতকাল রোববার গোলাবারুদ-সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম বলেন, ‘গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’


