খালিশপুরে বিএনপির সমাবেশে দু’ গ্রুপের সংঘর্ষে ঘটনায় তদন্ত সম্পন্ন

# আজ প্রতিবেদন দাখিল #
স্টাফ রিপোর্টারঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর খালিশপুরে বিএনপির সমাবেশে দু’ গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ গ্রুপের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়। গত ৪ অক্টোবর সন্ধ্যায় পিপলস গোল চত্বরে সমাবেশ স্থলে এ ঘটনা ঘটে। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের উপস্থিতিতেই দু’ গ্রুপের এ সংঘর্ষ হয়। এ ঘটনা তদন্তের জন্য নগর বিএনপি এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আলমকে দিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য বলা হয়। ইতোমধ্যে তিনি ১৬/১৭ জনের স্বাক্ষী গ্রহণ করেছেন। তদন্ত প্রায় শেষের পথে। আজ বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করবেন বলে বদরুল আলম জানান। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি জানান। এদিকে এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটজনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। তারা হলেন, খালিশপুর থানাধীন ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ওরফে গুটি বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলাম, ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, ১৫নং ওয়ার্ড যুবদল নেতা তারেক রহমান রানা, ১১নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম স্বপন ও ৮নং ওয়ার্ড যুবদল নেতা আসলাম সোহেল রনি। আটজনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।



