ফুলতলায় বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের সংবাদ সম্মেলন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৪টায় ফুলতলা বাজারের আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আঃ আলিম মোল্যা, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক পারভেজ ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। বক্তৃতায় উল্লেখ করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিল আজ খুলনা যশোর এলাকার জন্য আর্শীবাদের বদলে অভিশাপে পরিণত হয়েছে। বিল ডাকাতিয়ায় অত্র অঞ্চলে ছয়টি উপজেলার মোট ৩০ হাজার একর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এ সকল জমির মধ্য দিয়ে ১১টি নদী প্রবাহিত হলেও একমাত্র শোলমারী নদী ব্যতিত বাকী সবগুলোই সম্পূর্ণরূপে ভরাট হয়ে গেছে। বিল ডাকাতিয়ার পানি বের হওয়ার একমাত্র চ্যানেল শোলমারী নদীটি পলি পড়ে আংশিক ভরাট হয়ে যাওয়ায় জলাব্ধতা সৃষ্টি হচ্ছে অত্র অঞ্চলে। এমতবস্থায় বিল ডাকাতিয়াকে বন্যা দূর্গত এলাকা হিসেবে ঘোষনা, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ব্যাংক ও এনজিও ঋণদাতা প্রতিষ্ঠানের সুদ মওকুফ, কৃষি ও মৎস্যজীবীদের ক্ষয়-ক্ষতি নির্ণয়ের তালিকা প্রস্তুত করে ক্ষতি পূরনের ব্যবস্থাসহ বিভিন্ন যৌক্তিক দাবি পেশ করেন। এছাড়াও আজ রবিবার বেলা ১১টায় ফুলতলা রাজার বাসস্ট্যান্ডে কমিটির উদ্যোগে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহীত হয়।



