জাতীয় সংবাদ

১২৭ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

প্রবাহ রিপোর্ট : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পিছিয়েছে। এ নিয়ে ১২৭ বারের মতো প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো। তদন্ত প্রতিবেদন জমায় আগামী ২২ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার (১৮ জুন) প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
হত্যার এক যুগ পর সাংবাদিক দম্পতি সাগর–রুনির মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র‌্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেয় পিবিআই। শুরুতে এ মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button