জাতীয় সংবাদ

ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে জাপার সমাবেশ আজ

# গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার
# সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

প্রবাহ রিপোর্ট ঃ ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। একই সাথে সকল জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণ প্রতিরোধ গড়ে তোলার কর্মসূচি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। সহিংসতা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।
শুক্রবার (১ নভেম্বর) বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন। জিএম কাদের বলেন, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকালই সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, আমি কারও নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনও সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশিরভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত। এদিন বিকালে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ পার্টির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে (২ নভেম্বর) শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। এদিন বেলা ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরদিকে জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা ঃ রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। ঘোষণা অনুযায়ী আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় পার্টির ডাকা শনিবারের সমাবেশ আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুত্থানের পরিকল্পনার অংশ। এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। এদিকে একই দিন রাজধানীতে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি ঃ রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। আগামীকাল শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। একই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button