আগে সংস্কার পরে নির্বাচন চাই : খুলনায় মানববন্ধনে সুজন

স্টাফ রিপোর্টারঃ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুশাসনের জন্য নাগরিক খুলনার উদ্যোগে শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন জেলা সম্পাদক নাগরিক নেতা এ্যাড কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন প্রাণীপ্রেমী এস এম সোহরাব হোসেন। বক্তব্য রাখেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মুনীর চৌধুরী সোহেল, নিজাম-উর রহমান লালু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আবদুল হালিম,এ্যাড মামুনুর রশীদ, সৈয়দ আলী হাফিজ, খলিলুর রহমান সুমন, শেখ আইনুল হক প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, খুলনাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। হত্যা,খুন, রাহাজানি, চুরি, ডাকাতিসহ অপরাধমূলক কার্যকলাপ বেড়েই চলেছে। বিগত ৫ মাসে প্রায় ১৫জন নিহত হয়েছে শুধু খুলনা শহরে। বেআইনীভাবে মব জাস্টিজ এবং মব লিঞ্চিং অব্যাহত আছে। অপারেশন ডেভিল হান্ট এর অভিযান অব্যাহত থাকলেও দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। দেশের এই অবস্থা জুলাই গণঅভ্যূত্থানের সম্পূর্ণ বিপরীত। মানুষ গণঅভ্যূত্থানের পর দেশের এ রকম নৈরাজ্যকর পরিস্থিতি চাই নি। চেয়েছিলো মানুষের বাক স্বাধীনতা থাকবে, নিরাপত্তা থাকবে। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও সিন্ডিকেট ভেঙ্গে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। এই অন্তর্র্বতীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার। দেশের সকল মানুষের নিরাপত্তার প্রশ্নে সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারকে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করতে হবে। বক্তারা আরো বলেন, রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আনতে গেলে নতুনভাবে রাষ্ট্রের বন্দোবস্ত করতে হবে। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে কার্যকর করে গড়ে তুলতে হবে। দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল বিশেষ করে যারা অভ্যূত্থানের পক্ষে ভূমিকা পালনকারী রাজনৈতিক দলগুলোকে ঐক্যের জায়গায় এনে প্রয়োজন মাফিক সংস্কার করে নির্বাচন দিতে হবে।



