লুটেরা-চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা : ডা. শফিকুর রহমান

প্রবাহ রিপোর্ট : লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “এসব অপরাধের জন্য ছাত্র-জনতা জুলাইয়ে রক্ত দেয়নি। ভবিষ্যতে প্রত্যেক অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।” মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাকা আয়োজিত ছাত্রশিবিরের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। মানুষের ওপর জুলুম করা, অধিকার হরণ করা কিংবা অন্যের হক নষ্ট করার জবাব দিতে হবে।”
ইসলামী আন্দোলনের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “গত ১৭ বছরে আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দলের শীর্ষস্থানীয় ১২ নেতাকে নিকৃষ্ট অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এক আল্লাহর ওপর অবিচল ঈমান রেখেছিলাম এবং সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী মানুষের আমানত রক্ষা করবে, এমন বিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।”
অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “মানুষের অধিকার হরণ ও অন্যের প্রাপ্য নষ্ট করার পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না; প্রত্যেককে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে।” এ প্রসঙ্গে তিনি সীমান্ত থেকে সাবেক এক বিচারপতিকে আটক করার ঘটনার কথাও উল্লেখ করেন।
প্রাক্তন সাথী-সদস্যদের উদ্দেশে তিনি হালাল পথে জীবিকা অর্জন, সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, “এই দেশে ইসলাম কায়েম হবে, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”
দেশের সর্বোচ্চ পর্যায় থেকে কিছু ভিত্তিহীন ও অবান্তর বক্তব্য দেওয়া হচ্ছে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, “সেসব কথার জবাব দিতে গিয়ে সময় নষ্ট না করে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।”
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, সাবেক চাকসু ভিপি জসিম উদ্দিন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, চাকসু’র ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হক, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং ছাত্রনেতা হাসান ইমাম।



