প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছনাকারী সোহাগের কুয়েট ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র দুই প্রকৌশলীকে খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুয়েট প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন।
বক্তৃতা করেন যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা হুমকিদাতা মোল্লা সোহাগ হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এদিকে কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে কুয়েট অফিসার অ্যাসোসিয়েশন মঙ্গলবার জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিতের ঘটনায় ঠিকাদার ও বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মামলা দায়ের এবং বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজ থেকে তাকে বিরত রাখার দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় অফিসার এসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল হক ও বাদশা মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরী বিজ্ঞপ্তিতে হুমকিদাতা মোল্লা সোহাগ হোসেনকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকা- থেকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আনিসুর রহমান ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মোঃ গোলাম কিবরিয়াকে থানা বিএনপি’র ওই সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এবং একই দিন বিকালে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
মোল্লা সোহাগ হোসেন কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি প্রোফিট যুক্ত করে দর নির্ধারণ করা হলো না কেন এ কারণে ওই দুইজন নির্বাহী প্রকৌশলীকে হুমকি দেয় বলে জানা যায়।



