স্থানীয় সংবাদ

রামপালে বিএনপি দলীয় চাঁদাবাজ ও ঘের লুটকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির নাম ভাঙ্গিয়ে মাছের ঘের দখল, মারধর ও চাঁদাবাজীর অভিযাগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মোঃ মাইনুল ইসলাম হীরকের বিরুদ্ধে। হীরক ও তার লোকজনের চাঁদার দাবি এবং মারধরের ভয়ে এলাকা ছাড়া হয়েছেন অনেকে। আইন প্রয়োগকারীদের কাছে গিয়ে প্রতিকার না পেয়ে বুধবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সংবাদ কর্মীদের প্রশ্নের জবাব দেন রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাসিন্দা মোঃ আল আমিন শরীফ। তিনি বলেন, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের কালিকা বাড়ী এলাকার তৈয়াবুর রহমান হাওলাদারের ছেলে মোঃ মাইনুল ইসলাম হীরক ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই মাইনুল ইসলাম হীরক এখন তার সহযোগিদের নিয়ে বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোজপাতিয়া, কালিকাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকার নিরীহ মানুষের মাছের ঘের দখল, জমি দখল, দোকান পাট লুট, মারধর ও চাঁদাবাজী করে আসছে। তার অত্যাচারে মানুষ অতিষ্ট। মাইনুল ইসলাম হীরক ও তার লোকজন চাঁদার দাবিতে স্থানীয় ডাকুয়া বাড়ীর ব্রীজ নির্মান কাজে বাধা প্রদান করেছে। স্থানীয় রাসেল শরীফের ৬ বিঘার একটি মাছের ঘেরের মাছ লুট করেছে। এলাকার ফেরদাউস শরীফের ট্রলার ও ট্রলারে থাকা মাছের পোনা লুটপাট করেছে। কবির হাওলাদারের ১১ বিঘার ঘের লুটপাট করেছে এবং ঘেরটি দখল করে নিয়েছে। লোকমানের ১৩ বিঘার মাছের ঘের মাছসহ দখল করেছে। অনুরুপ নজরুল শরীফের ২ বিঘা, মাসুদ মাঝির ৯ বিঘা, রাকিব গাজীর ১৭ বিঘার ঘের মাছসহ দখল ও লুটপাট করেছে হীরক ও তার লোকজন। ডাকরা এলাকার আল আমিনের ৪০ বিঘার মাছের ঘের দখল করে তার কাছে মোট অংকের চাঁদা দাবী করেছ। এছাড়া শামীম তালুকদারের ৬০ বিঘা, আলমগীর মাঝির ৫২ বিঘা, জুয়েল মাঝির ৮বিঘা, রুহুল তালুকদারের ৪ বিঘার মাছের ঘের জোরপূর্বক দখল করে নিয়েছে। তার এসব দখল বাজিতে সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম সহযোগিতা করেন বলে সংবাদ সম্মেলনকারীরা জানান। সরকারি খালের জমি দখলের অভিযোগও রয়েছে হীরকের বিরুদ্ধে। ডাকুয়া বাড়ীর সামনে সরকারী খাল ও মাঝি বাড়ী সংলগ্ন ৪০ বিঘা খাল দখল করেছে হীরক। মাসুদ, রাসেলসহ অন্তত ২০জনকে মারধরেরও অভিযোগ রয়েছে হীরকের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ সাইফুল শরীফ, আল আমিন আকন, মাসুদ, রাসেল শরীফসহ রামপাল এলাকার অন্তত নারীসহ ২০ জন তাদের ক্ষতির বর্ননা করেন। এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মাইনুল ইসলাম হীরক বলেন, মূলত এলাকায় ভাল কাজ করার কারণে আমার বিরুদ্ধে কিছু লোক অভিযোগ করেছে। আমি কারও ঘের দখল করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং কবির ও আল আমিন এলাকার মানুষের উপর অত্যাচার করছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button