খুবিতে গণ-ইফতার রোজাদারদের মিলনমেলায় পরিণত

স্টাফ রিপোর্টার ঃ মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে’। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী সাইফুল্লাহ খালিদের সুমধুর কণ্ঠে এমন রমজানের গানে মুগ্ধ হয়েছেন রোজাদাররা। শনিবার (৮ মার্চ) খুবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারে আগত প্রায় আড়াই হাজার রোজাদার মুগ্ধ হন তার ইসলামী গানে। শিক্ষার্থীসহ সাধারণ রোজাদার আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। ইফতারির আগে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস । মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন। ইফতারিতে অংশ নেওয়া খুবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করে। ইফতার মাহফিলের আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকল শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবে পরিণত হয় । প্রায় আড়াই হাজার রোজাদার এসাথে এই ইফতারিতে শামিল হন বলে ধারণা করা হচ্ছে।



