স্থানীয় সংবাদ
মশক নিধন কার্যক্রম পরিদর্শনে হঠাৎ করেই মাঠে কেসিসির প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার হঠাৎ করেই মশক নিধন কার্যক্রম দেখতে মাঠে ছুটে গেলেন। খবর শুনে তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাজির হন। রবিবার বেলা ১১টার দিকে তিনি নগরীর ২৪নং ওয়ার্ড নিরালা এলাকায় হাজির হন। খবর পেয়ে আসেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরিফ আসিফ রহমান, কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান, অহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি এ সময় ২৬ ও ২৪ নাম্বার ওয়ার্ডে পরিদর্শন করে ড্রেনেজ ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা স্বচক্ষে দেখেন। সচিব বলেন, প্রশাসক চলতি পথে মাঠ পর্যায়ের মশক নিধন কার্যক্রম দেখার জন্য নিরালায় যান। তবে এ পরিদর্শন অনেকটাই হঠাৎ করে। তিনি হঠাৎ করে কেসিসির সেবামূলক কার্যক্রম পরিদর্শন করায় অন্যান্য বিভাগগুলো তাদের কার্যক্রম সঠিকভাবে করার আগ্রহ বাড়বে বলে তিনি মনে করেন।



