জাতীয় সংবাদ

মাগুরার সেই শিশুর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

প্রবাহ রিপোর্ট : মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় তিনি এ শোক জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা শোকবার্তায় ওই শিশুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করে শিশুটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিশুর তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু। ধর্ষণের পর তাকে হত্যারও চেষ্টা চালানো হয়। এরপর ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে সিএমএইচে ভর্তি করা হয়। ধর্ষণের অভিযোগে শিশুটির মা মামলা করেছেন। এই মামলায় ওই শিশুর ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button