জাতীয় সংবাদ

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রবাহ রিপোর্ট : রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামি তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল জানান, শনিবার রাত ১০টার দিকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার ম-ল, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল ম-ল। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। গত শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। তখন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ট্রেন দুটির মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। পাশাপাশি দুই ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন দুটি সরিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত লাইনও সংস্কার করা হয়। এসব কারণে বিকেল ৪টার পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা বিলম্বে সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী থেকে ঢাকার পথে রওনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button