কিশোরগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

প্রবাহ রিপোর্ট : কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে ওই দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টার শেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝ রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে। ধারণা করা হচ্ছে, অন্য লোহালক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। সারাদিনের ওই ভাঙ্গারি দোকানে লোহালক্কড় বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।



