চুয়াডাঙ্গা পুলিশ ব্যারাকে মিলল কনস্টেবলের ঝুলন্ত লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাক থেকে শামীম হোসেন নামে (৩১) এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চেকপোস্টে পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তার কনস্টেবল নম্বর ৫৩২। সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকে গত ছয় মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।



