যশোর খয়েরতলা পালবাড়িতে মুসল্লীকে আটকে রেখে গালিগালাজ ও মারপিটের অভিযোগ

যশোর ব্যুরো ঃ
যশোর শহরের নতুন খয়েরতলা পালবাড়ির মোড় জামে মসজিদে পুনরায় মুসল্লীদের দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনার অনুরোধ করায় রেজাউল করিম (৬০) নামে এক মুসল্লীকে আটকে রেখে গালিগালাজ ও মারপিট করতে উদ্যোত হওয়ার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় রেজাউল করিম কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নতুন খয়েরতলা এলাকার মৃত ফজলুল হকের ছেলে তৌহিদুর রহমান (৫০), মৃত আব্দুল মালেকের ছেলে নাসির হোসেন (৪৫) এবং মৃত গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ তসলিম (৪৫)।
অভিযোগ পত্রে রেজাউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি ওই মসজিদে নামাজ আদায় করে থাকেন। একই সাথে মুসল্লীদের দাওয়াত ও তাবলীগের মেহনত করে থাকেন। মসজিদে তাবলীগের কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি এবং একই এলাকার নাজমুল হোসেন শিমুল, খায়রুল ইসলাম, তাহের গাজী, হাজী গোলাম হোসেনসহ বেশ কয়েকজন গত ১৬ মার্চ রাত নয়টার দিকে পালবাড়ি চৌগাছা স্ট্যান্ডের কাছে তৌহিদুর রহমানের অফিসে যান। সেখানে গিয়ে তাকে পুনরায় ওই কার্যক্রম চালুর কথা বললে তিনি ক্ষিপ্ত হন। তার সাথে থাকা দুইজনই ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে তার অফিসে মধ্যে আটকে রেখে মারপিট করতে উদ্যোত হন। এবং বলে ওই মসজিদের তাবলীগের কোন কার্যক্রম পরিচালিত হবে না। পরে তাকেসহ অন্যান্যদের হুমকি দিয়ে বের করে দেয়া হয়। বিষয়টি অন্যান্য লোকজন এবং মুসল্লীরা জানেন। এরপর তিনি থানায় অভিযোগ দেন।



