জাতীয় সংবাদ

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রবাহ রিপোর্ট : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শামছুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে শামছুল চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০-এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ ৫ রাউন্ড গুলিবর্ষণ করলে শামছুল ইসলামের কাঁধে এসে একটি গুলি লাগে। চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, বিএসএফ রাতে ৫ রাউন্ড গুলি করে। সে (শামছুল) তখন গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের বেড়াসংলগ্ন থাকায় সেখানে গিয়েছিল। তবে স্থানীয়রা জানান, শামছুলসহ আরও বেশ কয়েকজন তখন সীমান্তে গিয়েছিল। বিএসএফ গুলি করলে অন্যরা নিরাপদে পালিয়ে আসলেও শামছুলের কাঁধে গুলি লাগে। তিনি সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগের মেডিকোল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, শামছুল ইসলামের কাঁধে গুলি লেগেছে। আমরা তাকে এক্স-রের জন্য বাইরে পাঠিয়েছি। তার শারীরিক অবস্থা ভালো আছে। গতকাল সোমবার সকালে স্বজনরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button