পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নুরের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ডিএনসিসির

প্রবাহ রিপোর্ট : পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি। গতকাল বুধবার বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রকৌশলী আইন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। এরপরও নুর তার কথা না শুনে প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি করান নুর। এ সময় তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন, যাতে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমে বলেন, আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং যথেষ্ট প্রমাণ রয়েছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরীর-এর নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে ঘেঁষার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি নিজের পছন্দের লোকদের দিয়ে টাকা তোলার জন্য গাবতলী পশুর হাটের ইজারায়ও অনিয়ম করেছেন। আমরা সে কারণেই তার অপসারণ দাবি করেছি। উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা হিসেবে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত মঙ্গলবার নগর ভবনের সামনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ।



