খুলনায় জামায়াতে ইসলামীর যুব সমাবেশ

স্টাফ রিপোর্টার : খুলনার ২৬ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) রাতে মহানগরীর বসুপাড়ার বরকতিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ২৬নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ এ সমাবেশের আয়োজন করে। ২৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছফির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, যুব বিভাগের সেক্রেটারি মো. মুর্তাজা বিল্লাহ। এসময় বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, ২৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি এস এম শামীম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ড. নাঈমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরা ভাঙতে জানে যুবকরা গড়তে জানে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুবকদের ভূমিকা রাখতে হবে। দেশ রক্ষায় যুবকদের সজাগ থাকতে হবে। নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অনুসন্ধান করার যোগ্যতা থাকতে হবে। মাটির নিচে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলো উত্তোলনের যোগ্যতা অর্জন করতে হবে। মাদকমুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে চাই। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে।



