জাতীয় সংবাদ

বিএনপির সংঘর্ষে দুজন নিহতের জেরে ঝিনাইদহ উপজেলা কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২

প্রবাহ রিপোর্ট ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে (মুহুরী) দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত অন্য কেউ যদি থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ জুন কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজন সহোদর ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার জেরে উভয় পক্ষের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি আমলে নিয়ে দলীয় উদ্যোগে তদন্ত শুরু করে জেলা বিএনপি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button