জাতীয় সংবাদ

রিমান্ড শেষে কারাগারে আনিসুল-সালমান

প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম মীর। পরে আদালত তা মঞ্জুর করেন। এর আগে, গত ২৩ জুলাই আসামিদের এই মামলায় দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার একটি আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই যাত্রাবাড়ি থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকালে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান ওমর। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আনিসুল হক ৮ এবং সালমান এফ রহমানে ১১ নম্বর এজাহারনামীয় আসামি। গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে ঢাকার বিভিন্ন থানায় প্রায় অর্ধশতাধিক মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button