স্থানীয় সংবাদ

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্র আলভীর

স্টাফ রিপোর্টার : রাত তখন সোয়া ১টা। শহরের রাস্তায় যানবাহনের চলাচল কমে এসেছে। সেই গভীর রাতেই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন কলেজ ছাত্র আলভী (১৭)। খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি ধাক্কা খায় ইটের দেয়ালে। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোরবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তার বাবা বাবুল আক্তার।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আলভী। এ সময় মোটরসাইকেলসহ পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলভীর খালা পরিচয় দেওয়া এক নারী জানান, আলভী এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছেন। তবে দুর্ঘটনার রাতে কেন বা কী কাজে তিনি বাইরে গিয়েছিলেন, তা তার জানা নেই।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে আলভীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button