জাতীয় সংবাদ

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচন হবে চলতি বছরের ৯ সেপ্টেম্বর। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর তফসিল ঘোষণা করেন অধ্যাপক মোহাম্মাদ জসীম উদ্দিন। এ সময় তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৩০ জুলাই ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে। পরে ১১ আগস্ট বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১৯ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। তিনি জানান, ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে ২৫ আগস্ট দুপুর ১টার মধ্যে করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট বিকাল ৪টার মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষার্থীরা ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। এর জন্য নির্ধারিত আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে থেকে প্রচারণা বন্ধ থাকবে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের পর গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। এ বছর প্রথমবার হলের বাইরে কেন্দ্র নেওয়া হয়েছে। এবার ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) ভোট দেবেন। জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দিবেন। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এছাড়াও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button