চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট : খসড়া ১০ আগস্ট

প্রবাহ রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান। এই কর্মকর্তা বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। দাবি-আপত্তি যদি কারও থাকে তাদের জন্য সময় দেওয়া হবে ২১ আগস্ট পর্যন্ত। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে। কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এদিকে, গত ২১ জুলাই নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।



