গণমাধ্যম নীতিমালা স্থগিত ও সংশোধনের আহ্বান

প্রবাহ রিপোর্ট : গণমাধ্যম নীতিমালা স্থগিত ও সংশোধনের দাবি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। নির্বাচন কমিশনের চূড়ান্ত করা সাংবাদিকদের জন্য নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতা, তথ্য অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি বলে জানিয়েছে আরএফইডি। গতকাল গতকাল বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সিইসিকে স্মারকলিপি দেন আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আরএফইডি এক জরুরি মতবিনিময় সভায় সংগঠনের নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সাংবাদিকরা সর্বসম্মতভাবে সিইসিকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন। সভায় অংশ নেওয়া সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচন পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি বাস্তবমুখি, স্বাধীন ও সাংবাদিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা হোক। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে। সভায় আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, এই নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে এই নীতিমালা সংশোধনের আল্টিমেটাম দিয়ে বলেন, বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কাভার করবে না। আরএফইডি-এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়- ১. নীতিমালার প্রণয়নে গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি; ২. ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে; ৩. সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে; ৪. সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।



