ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জন আটক

# নৌবাহিনীর অভিযানে #
স্টাফ রিপোর্টার ঃ ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩জনকে আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১, ৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১ লক্ষ ৩৯ হাজার ৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩১ হাজার ৮০০শ টাকা। এছাড়াও, অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের দায়ে ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



