বৌ-ভাতের আয়োজনে চুরির গরু জবাই, বরের বাবা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে হওয়া মামলায় বরের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।
এদিন বিকেলে চারজন নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন চুরি যাওয়া গরুর মালিক উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত বরের বাবার নাম রফিকুল ইসলাম। তিনি বকশিচরের মৃত দুলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের একই উপজেলার রুদ্রনগর গ্রামে শুক্রবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার (৩ অক্টোবর) তাদের নিজেদের বাড়িতে বৌ-ভাতের আয়োজন ছিল। এ উপলক্ষ্যে শুক্রবার দিনগত ভোর রাতে বিয়ের অনুষ্ঠানে ভোজনের জন্য রফিকুল ইসলামের বাড়িতে একটি বড় আকারের গরু জবাই করা হয়।
এদিকে শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির মূল ফটকের তালা ভেঙে গোয়ালঘর থেকে একটি লাখ টাকা মূল্যের গরু চুরি হয়। বিষয়টি ওই রাতেই টের পেয়ে স্থানীয়দের সহায়তায় হারানো গরু খুঁজতে বের হন মালিক শহিদুল। এসময় বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান উপস্থিত স্থানীয়রা। পরে সেই ছাপ অনুসরণ করে পার্শ্ববর্তী বকশিচর গ্রামের রফিকুলের বাড়িতে গিয়ে চুরি যাওয়া গরুটির জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান হারানো গরু খুঁজতে বের হওয়া মালিকসহ অন্যরা।
পরে বিষয়টি নিয়ে তাদের উভয়ের মধ্যে প্রথমে বাগবিত-া ও পরে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। এতে গরুর মালিকের ভাতিজার হাতে ছুরিকাঘাতে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বরের বাবা রফিকুল ইসলামকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। এসময় গরুটির মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করে পুলিশ। পরে বিকেলে এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, চুরি হওয়া গরুর মাথা, মাংস, চামড়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় বরের বাবা রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



