জাতীয় সংবাদ

সংস্কারবিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন : নায়েবে আমির ডা. তাহের

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, যারা সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সংস্কার হতে হবে। কারণ, সংস্কার বিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কার বিহীন শাসন মানে ফ্যাসিবাদের শাসন। সংস্কার বিহীন বাংলাদেশ মানে অন্ধকারে ডুবে যাওয়া সেই বাংলাদেশ। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জামায়াত কেন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রস্তাব করেছে সে বিষয়ে ডা. তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় কিছু দল কখনোই সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের সময়ে গণভোটে ৯৯ ভাগ ভোট কাস্ট হওয়ার নজির রয়েছে, যা একেবারেই নির্বাচনের প্রক্রিয়ায় অসম্ভব। তিনি বলেন, যদি ঐতিহ্যগত পদ্ধতিতে নির্বাচন হয়, সেই গোষ্ঠী আবারও কেন্দ্র দখল করবে। ইতোমধ্যেই মাঠে তার লক্ষণ দেখা যাচ্ছে। তাই পিআর-ই সর্বোত্তম সমাধান। সবাই পিআর বোঝে বলেই ইতোমধ্যে ৭১ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। জামায়াতের এই নেতা বলেন, নির্বাচন হবে কি হবে না, আমরা যাবো কি যাবো না- এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে, সংস্কার মানছি কি না। সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি জানান, জামায়াত সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং সংস্কার বাস্তবায়ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি জনগণকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম. কোরবান আলী। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুমসহ অন্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button