নুরের ওপর হামলার তদন্তে ডিএমপির কমিটি

প্রবাহ রিপোর্ট : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার কথা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানোর ডিএমপির পক্ষ থেকে এ ঘোষণা এল। গতকাল শনিবার বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আগামীকাল (রোববার) ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।” কমিটির সদস্য কতজন হবেন, সেখানে কারা থাকবেন কিংবা কত দিনের সময় কমিটিকে দেওয়া হবে, সেসব বিষয়ে রোববারই সিদ্ধান্ত নেওয়া হবে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “ওই ঘটনায় পুলিশের কোনো দুর্বলতা ছিল কিনা; কোনো সমস্যা বা গাফলতি ছিল কিনা, কমিটি সেসব বিষয়ও খতিয়ে দেখবে।” এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এ ঘটনায় একটি জুডিসিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাই কোর্টের জাস্টিসের নেতৃত্বে তদন্ত হবে। এটার টার্মস অব রেফারেন্স এবং এটার আরো কোনো সদস্য থাকবেন কিনা, জানিয়ে দেওয়া হবে।” গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা। সেদিন রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে তাদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। সেটি শেষ করে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে। তিনি বলেন, লাঠিপেটায় নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলেছে, ‘শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য’ হওয়ার পর সেনাবাহিনী সেখানে ‘মব ভায়োলেন্স’ ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয়।



