মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, ,“টাইফয়েড একটি গুরুতর সংক্রামক রোগ। নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমরা শিশু ও প্রাপ্তবয়স্কদের এই রোগ থেকে রক্ষা করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে সময়মতো টিকা প্রদান এবং সর্বাধিক জনসাধারণকে সচেতন করা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং। তিনি বলেন “সকল স্তরে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করলে আমাদের লক্ষ্য অর্জন করা সহজ হবে। স্বাস্থ্যবান জনগণ নিশ্চিত করতে সময়মতো টিকা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধি করাই মূল চাবিকাঠি।”
সভায় প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, প্রতিটি ইউনিয়নে টিকাদান শিডিউল নির্ধারণ, টিকা প্রদানের কেন্দ্রগুলো চিহ্নিত করা এবং টিকাদান দলের দায়িত্ব বণ্টন করা। স্কুল, মসজিদ, হাসপাতাল, বাজার ও পাড়া-মহল্লায় সচেতনতা প্রচারণা চালানো, এছাড়া প্রচারপত্র, রেডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকাদান সম্পর্কে তথ্য প্রচার করা। অতীত অভিজ্ঞতা থেকে সম্ভাব্য সমস্যা চিহ্নিত এবং কার্যকর সমাধান প্রণয়ন করা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কার্যক্রম শুরু করার আগে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। এছাড়াও, টিকা গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য দূর করতে জনসাধারণকে সচেতন করা হবে। মোল্লাহাটে অনুষ্ঠিত এই কো-অর্ডিনেশন সভা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাস্থ্যবান রাখা এবং টাইফয়েড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আজিজ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও টাইফয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাঃ বিভুতি রায়, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ। মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (দিদার) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



