“নিজকে আগামীর জন্য কিভাবে প্রস্তুত করার মধ্যই সফলতা নিহিত”: খুলনা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ ইউসেপ বাংলাদেশ, খুলনা অঞ্চলের উদ্যোগে ০৩ সেপ্টেম্বর, রোজ বুধবার ইউসেপ বাংলাদেশ, খুলনা আঞ্চলিক অফিসে ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউসেপ এর পরিচালক- পিপল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন জনাব এ. এম. এম মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, জনাব মোহাম্মদ কামরুজ্জামান,ইউসেপ খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বে প্রযুক্তি ও কারিগরী শিক্ষার গুরুত্ব অপরিসীম। আইএলও এর তথ্যমতে, আগামী এক দশকে প্রায় ৪০ মিলিয়ন তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করবে। সুতরাং দক্ষতা অর্জন ছাড়া বিশ্বের সাথে তাল মিলানো সম্ভব হবে না।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা বলেন, “প্রত্যন্ত গ্রামে বসে মানুষ এগিয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে শহরে বসেও কেউ ভালো করছে না। কারিগরী শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে চাকুরী বা উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমাদের দেশে একটি মাত্র সম্পদ আছে, সেটি হলো মেধা। আমরা শুধুমাত্র গার্মেন্টস পণ্য ও শ্রমশক্তি রপ্তানি করি। রাষ্ট্রের কাছে চাওয়া বড় বিষয় না বরং নিজকে কিভাবে উপার্জনমূখী করে প্রস্তুত করছি সেটি গুরুত্বপূর্ণ। ব্রেইন স্ট্রমিং করে কি হতে চাই তা নির্ধারণ করতে হবে। জিপিএ ৫ প্রাপ্তি মানে দায়িত্ব বেড়ে যাওয়া এবং সফলতার সাথে বাবা মার স্বপ্ন পূরণ করা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. বি এম একরামুল হক, কুয়েট, এস, এম, ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, জনাব মো: শফিকুল ইসলাম, তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক), সরকারি বাক, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধি বিদ্যালয় ও সৈয়দ আশরাফ আলী, সদস্য- ইউসেপ অ্যাডভাইজরি কাউন্সিল। বিশেষ অতিথির বক্তব্যে, জনাব এস, এম, ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা বলেন বিগত বছর গুলো পরীক্ষায় পাশের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়েছে, বর্তমান বছরগুলোতে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। কারিগরী শিক্ষাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে কারিগরী শিক্ষার মান বাড়াতে হবে, যে কাজটি ইউসেপ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ইউসেপ খুলনার প্রাক্তন সফল শিক্ষার্থীরা তাদের জীবনে ইউসেপ এর অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ. এম. এম মহসিন, পরিচালক-পিপল এ্ন্ড অ্যাডমিনিস্ট্রেশন, “ইউসেপ বাংলাদেশ। তিনি বলেন, স্বপ্ন হবে আকাশের মত। পৃথিবীর প্রত্যেকটি মানুষ জ্ঞানী, প্রত্যেকের সম্ভাবনা আছে, সম্ভাবনার পার্থক্য তৈরি করে দেয় পরিশ্রম। এখন সময় এসেছে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার।”
উল্লেখ্য যে, ইউসেপ খুলনা অঞ্চলে ২০২৫ সালে ১৭৩ জন শিক্ষার্থী এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে যাদের মধ্যে ৪৯ জন এ+ এবং ১০৭ জন এ গ্রেড প্রাপ্ত হয়।



