শিক্ষার্থীদের পড়ার টেবিলে আনতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য : শফিকুল আলম তুহিন

# হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার যেমন সন্তানদের প্রতি দায়িত্বশীল, তেমনি শিক্ষকদেরও প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন, অনলাইন বিভ্রান্তি কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়ার টেবিলে ফিরে আসে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা নানা ধরনের প্রলোভন ও চাপে থাকে। এ অবস্থায় শিক্ষকরা যদি আন্তরিকভাবে তাদের গাইড করেন, তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন করেন এবং আত্মবিশ্বাসী করে তোলেন, তবে তারা পড়াশোনায় মনোযোগী হবে এবং সমাজ ও দেশের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে পারবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বয়াস্থ হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবই শেষ করার দায়িত্বে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও জীবনদর্শন শেখানো। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক যত দৃঢ় হবে, শিক্ষার্থীরা তত বেশি অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় ফিরে আসবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তুহিন আরো বলেন, অভিভাবকদেরকে শিক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে হবে। আগামী প্রজন্মের সাফল্য নির্ভর করছে আজকের শিক্ষার্থী সমাজের উপর। তাই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক-অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া রিপন, সাজ্জাদ আহসান পরাগ, লাবু বিশ^াস, অনুপ কুমার বৈরাগী, রফিকুল ইসলাম প্রমূখ। এর আগে তিনি ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। খুলনা কলেজ: বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এসময় তিনি কলেজের শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অসুস্থ নেতার শয্যা পাশে তুহিন: খুলনা মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর খোঁজখবর নিতে ও মানসিক সাহস জোগাতে সস্ত্রীক তাঁর বাসভবনে যান খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এ সময় তিনি মনির সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন।



