জাতীয় সংবাদ

নাশকতার মামলায় ফখরুল-আব্বাসসহ ৭০ জনের অব্যাহতি

প্রবাহ রিপোর্ট : নাশকতার অভিযোগে ছয় বছর আগে ঢাকার শাহবাগ থানায় করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৭০ জন। ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল রোববার তাদের অব্যাহতির আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্যান্য বিএনপি নেতার মধ্যে রয়েছেন- রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল্লাহ আল নোমান, জয়নাল আবেদীন, খায়রুল কবির খোকন, মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু ও শওকত মাহমুদ। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, “আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ। এজন্য ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়। “আজ আদালত প্রতিবেদন আমলে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন।” মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিরর দিন ধার্য ছিল। আগের দিন জামিন শুনানি প্রভাবিত করতে এবং বিচার বিভাগ চাপ প্রয়োগের উদ্দেশ্যে শাহবাগ থানাধীন কদমফুল ক্রসিং, হাই কোর্ট মাজার গেটের পানির পাম্পে দুটি মোটর সাইকেলে আগুন দেওয়া। এ মামলায় বাদী হন শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী। গতকাল রোববার সেই মামলার প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দিল আদালত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button