জাতীয় সংবাদ

‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী

প্রবাহ রিপোর্ট : মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে সাত দিনের মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন গত মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ শীর্ষ এক মহড়া পর্যবেক্ষণ করেন। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৯০ জন সদস্য, যুক্তরাষ্ট্রের ৯২ জন, শ্রীলঙ্কার বিমান বাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা। মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা। এক বার্তায় ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করে, আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button