স্থানীয় সংবাদ

শহীদ চঞ্চল ছিলেন ছাত্ররাজনীতিতে আদর্শ ও আপসহীন নেতৃত্বের প্রতীক

# ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ ছাত্রনেতা শহীদ ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, সাহসী, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী একজন সংগঠক। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা বিএনপির রাজনীতিতে সহজে পূরণ হওয়ার নয়। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে শহীদ ওহিদুজ্জামান চঞ্চলের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বক্তারা বলেন, ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সময়-স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল দিনে চঞ্চল ছিলেন একজন নির্ভীক যোদ্ধা ও অনন্য সংগঠক। তার সাংগঠনিক দক্ষতা, দৃঢ়তা ও আপসহীন অবস্থান ছাত্রদলকে শুধু খুলনায় নয়, সারাদেশে অনুপ্রেরণা দিয়েছে। চঞ্চল ছিলেন ছাত্রদলের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি রাজনীতিতে বিশ্বাস করতেন ত্যাগ, শৃঙ্খলা ও আদর্শে। তিনি কখনো সুবিধাবাদী রাজনীতির সঙ্গে আপস করেননি। তার নেতৃত্বে খুলনায় ছাত্রদল বিকশিত হয়েছিল এক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়ে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন সামনের সারির সংগঠক। পরবর্তীতে ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তার সাহসিকতা, প্রতিবাদী মনোভাব ও নেতৃত্বগুণ আজও তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। শহীদ ওহিদুজ্জামান চঞ্চল শুধু একজন ছাত্রনেতা ছিলেন না-তিনি ছিলেন একটি চিন্তা, একটি চেতনা, একটি প্রজন্মের অনুপ্রেরণা। তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় ছিল সাহস, সততা ও ত্যাগে ভরপুর। তার রেখে যাওয়া আদর্শিক রাজনীতি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে-এটাই শহীদ চঞ্চলের প্রতি প্রকৃত শ্রদ্ধা। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী বেগম রেহানা ঈসা, স. ম. আব্দুর রহমান, কে.এম. হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, জামাল তালুকদার, চৌ. শফিকুল ইসলাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবীর মিল্টন, জাকির ইকবাল বাপ্পী, শেখ আবু সাঈদ, মাসুদ উল হক হারুন, গাজী আফসার উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনির, মো. জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, মো. আমিন আহমেদ, মো. মুরাদ হোসেন, শেখ মেহেদী হাসান লিটন, শেখ মনিরুল ইসলাম, ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম, মো. সব্বির, মাহফুজ আহমেদ, মো. রিয়াজ, সাকিব, সাজ্জাদ, অনিক, মাহবুব হোসেন হিরা, শাহরিয়ার, নয়ন, বর্ণ, শাকিল, শাওন, নুশাদ, রানা, মাহফুজ, নাইম ও তানভীর আহমেদসহ স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক ছাত্রনেতা ও চঞ্চলের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button