শিক্ষা বিস্তারে সাবেক মন্ত্রী এস এম আমজাদ হোসেনের অবদান অপরিসীম

জেলা আইনজীবী সমিতির স্মরণ সভা
স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক, সাবেক শিক্ষামন্ত্রী, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, এস এম আমজাদ হোসেন শুধুমাত্র একজন শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অন্যতম রূপকার। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন ও জাতীয়করণ করেছেন। এছাড়া একজন সৎ, আদর্শ ও নীতিবান আইনজীবী হিসেবে তিনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। যদি তার আদর্শ যদি ধারণ করা যায় তাহলে দেশের উন্নয়নে নিজেকে একজন সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি এবং খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, মোল্লা মাসুম রশিদ, এম মঞ্জুর আহমেদ, শেখ মাসুদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক। আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।



