স্থানীয় সংবাদ

খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি

স্টাফ রিপোর্টার : দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মোটরযান চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালি আজ বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
র‌্যালি শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ইজিবাইক চালকরা স্বল্প আয়ের মানুষ। তাদের আয়ের ওপর পরিবার নির্ভরশীল। একজন ইজিবাইক চালক যেমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, তেমনি তার গাড়ির ৪/৫ জন যাত্রীও ৪/৫ টি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এ জন্য চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্থ হবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নিরাপদ শহর, নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের এই কার্যক্রম ২টি লোকেশনে করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ৮টি লোকেশনে আগামী ৮ দিন চলবে। এই কার্যক্রমের উদ্দেশ্য-স্থানীয় মানুষকে সচেতন করে তোলা এবং চালক, যাত্রী ও পথচারীদের করণীয় সম্পর্কে নগরবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ হুমায়ুন কবির; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদ ও পুলিশ সদস্যবৃন্দ, মোটরযান চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button