জাতীয় সংবাদ

এনসিপির মনোনয়ন নিলেন ১ হাজার ৮৪ জন, সাক্ষাৎকার গ্রহণ শুরু

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৮৪ জন। তাদের মধ্য থেকে বাছাই করে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ এই স্লোগানকে ধারণ করে গতকাল রোববার থেে শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। এতে সারা দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে সকালে মতবিনিময় সভা ও হোয়াইট বোর্ডে স্বাক্ষর কার্যক্রম উদ্বোধন করেন নাহিদ ইসলাম। এতে মনোনয়নপ্রত্যাশী, সাংবাদিক ও যেকোনো দর্শনার্থী নিজেদের মতামত জানাতে পারবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাক্ষাৎকার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে রবি ও সোমবার রাত ৯টা পর্যন্ত। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করা হবে। দলটি আশা স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে। সাক্ষাৎকার দিতে আসা একাধিক প্রার্থী জানান, এনসিপির মনোনয়নের জন্য সাক্ষাৎকার দিতে এসে তারা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে জীবনের প্রথমবারের মতো প্রার্থী হতে চান এমন প্রার্থীদের মধ্যে বেশি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সিরাজগঞ্জে-১ (কাজীপুর ও সদরের একাংশ) থেকে মনোননয়ন ফরম নিয়েছেন ব্যবসায়ী মনির উল ইসলাম তালুকদার। তিনি জানান, এ আসন থেকে ১৯৮৯ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন তার দাদা জহুরুল ইসলাম তালুকদার। তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে সখ্যতা ছিল। সে হিসেবে আমারও দলটির নেতাদের সঙ্গে আমার উঠাবসা ছিল। তবে দলটি কোনো পদে ছিলাম না। এবারই প্রথম রাজনীতিতে পা রেখেছি এবং মনোনয়ন পাবো বলে আশা করি। এ বিষয়ে মনোনয়ন বোর্ডে থাকা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফ মোস্তাফিজ জানান, ১০টি সাংগঠনিক বিভাগের জন্য আলাদা মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। এতে অনেক যোগ্য প্রার্থী এসেছেন। আশা করি, এর মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত প্রার্থী বেছে নিতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button