হলফনামায় তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা: দুদক চেয়ারম্যান

প্রবাহ রিপোর্ট ঃ ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা হলফনামায় তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সে সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি ৫ দশমিক ২ একর দেখিয়েছিলেন। তবে দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান মেলে। সে সময় দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলে পদক্ষেপ নিতে পারেনি। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থী যে দলেরই হোক সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে সেটা, বড় ব্যাপার না, দেখতে হবে লোকটা সৎ কিনা। দুদকের মামলার আসামি হতে পারে, এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে। প্রার্থীদের হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসেব দিতে হয় উল্লেখ করে দুদকের চেয়ারম্যান আরও বলেন, কেউ গোপন করলে তা খুঁজে বের করে গণমাধ্যমকে দেশবাসীর কাছে উপস্থাপন করতে হবে। দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই। তবে নানা সীমাবদ্ধতা আছে। দুদকে তার সহকর্মীরা অনেক দুর্নীতির তথ্য চাপা দেয়, গণমাধ্যম তা করে না। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন পরে নগরের রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন।



