ভোটের অধিকার ফিরে পেলেই জনগণ জবাবদিহিমূলক সরকার পাবে :বকুল

স্টাফ রিপোর্টার ঃ জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমেই কেবল একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “আপনারা যদি আপনাদের পছন্দের প্রার্থী ও দলকে নির্বাচিত করতে পারেন, তবেই সেই সরকার আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে। বিগত ১৬ বছরে আমরা দেখেছি, অনির্বাচিত সরকার জনগণের তোয়াক্কা করেনি, যার ফলে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনাস্থ খালিশপুরের নিজ বাসভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্মের মানুষকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এর পতাকাতলে একত্রিত করেছিলেন। যে আওয়ামী লীগ বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিল, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তা পুনরুদ্ধার করেছিলেন। আজকের এই ক্রান্তিলগ্নেও আমরা সেই আদর্শ ধারণ করে সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। খুলনা-৩ আসনের শিল্পাঞ্চলের দুর্দশার চিত্র তুলে ধরে বিএনপি নেতা বকুল বলেন, খুলনা একসময় শিল্পের শহর ছিল। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে এখানকার ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। মিলের যন্ত্রপাতি লুটপাট করা হয়েছে। হাজার হাজার শ্রমিক আজ বেকার, তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। অর্থের অভাবে শ্রমিকদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছে মানুষ। তিনি আরও বলেন, কর্মসংস্থান না থাকায় এলাকার যুবসমাজ আজ মাদকের ভয়াল থাবায় নিমজ্জিত। বেকারত্ব দূর করা না গেলে সমাজ থেকে মাদক নির্মূল করা অসম্ভব। আগামীতে নির্বাচিত হলে বন্ধ কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং একটি মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়াই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর হওয়া নির্যাতন ও গুম-খুনের কথা স্মরণ করে বলেন,আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তবুও আমরা রাজপথ ছাড়িনি। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের পর আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। সভায় রকিবুল ইসলাম বকুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান। তিনি আগামী দিনে খুলনাকে নতুন করে সাজাতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আরও উপস্থিত ছিলেন, সত্যানন্দ দত্ত, সুজনা জলি, প্রভুদাস জিতু, তপন হালদার, যোয়াকিম, ফিলিপস, রাজনসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ে বাস্তহারা এলাকাবাসীর সাথে মতবিনিময় সবাই অংশগ্রহণ করেন। শেষে তিনি বৈকালী জানাযা চত্বরে ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয় সেখানে তিনি উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।



