ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

মনোনয়নপত্র সংগ্রহ
প্রবাহ রিপোর্ট : বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার সকালে তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এখন এই গুরুত্বপূর্ণ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে। এই আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেবে বিএনপি। উল্লেখ্য, তারেক রহমানের নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। দলের পক্ষ থেকে তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়।



