বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় ডিবি ও এসআরবির অভিযানে ৩ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলায় সন্দেহভাজন ও তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেনÑযশোরের অভয়নগর থানার ধূলগ্রাম সিদ্ধিপাশা এলাকার শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার (২৮), হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. হাসনাত হাবিব রিফাত (৩০)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
কেএমপি ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতাপকে বরিশালের উজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজমুল হত্যাকা-ের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কয়েকজনের একটি তালিকা সংগ্রহ করা হয়। ওই তালিকায় প্রতাপ সরকারের নাম ছিল। পরে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ভোররাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ আভিযানিক দল।
এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। আজমুলের মৃত্যুর পর রিফাত আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গ্রেপ্তার রিফাত আজমুল হত্যাকা-ে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতো নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে হরিণটানা থানায় হত্যা মামলা করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।



