ভারতে সংখ্যালঘু হত্যাকা-ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকা-, গণপিটুনি, নির্বেচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম রোববার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ উদ্বেগের কথা জানান।
মুখপাত্র বলেন, চলতি মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বিহারে আতহার হুসেইনের নৃশংস হত্যাকা- ঘটেছে।
কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তি হত্যাকা-ের শিকার হয়েছেন। ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারতজুড়ে তাদের প্রতি সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।
আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি যে প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেওয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত।
‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দুজন হত্যাকারী যারা চিহ্নিত হয়েছে, তারা ভারতে পালিয়ে গেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাইবে?’ এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘আমরাও জেনেছি যে দুজন আসামি ভারতে পালিয়ে গেছেন। এ বিষয়ে আমি পরে বিস্তারিত জেনে জানাবো।’



