হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে আন্দোলন

ফের শাহবাগ অবরোধ
প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও মূল আসামি দ্রুত গ্রেফতারের দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি ছড়িয়ে পড়ছে। এছাড়া রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করেছে ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পোনে ২টার থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলে দলে আন্দোলনকারীরা শাহবাগে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতের পরিমাণও বাড়তে থাকে। আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দেখা গেছে, শাহবাগ মোড়ের চারপাশে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়কের একাংশে বসে পড়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, এ ধরনের হত্যাকা-ের সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রংপুরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি : জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বিকাল ৩টায় রংপুর মহানগরীর শহীদ হাদি চত্বরে (সাবেক ডিসি মোড়) ইনকিলাব মঞ্চের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ইউনিট ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা মূল পরিকল্পনাকারীসহ- হাদির হত্যাকা-ে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
অবস্থান চলাকালে বিক্ষোভকারীরা ‘বিচার, বিচার, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হব হাদি—গুলির মুখে কথা বলব’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের বেরোবি ইউনিটের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক রংপুর মহানগর সদস্য-সচিব মো. রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য-সচিব হাজিম উল হক, যুগ্ম সদস্য-সচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময় ও সীমান্ত ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকা- শুধু একটি ব্যক্তিকে নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত করেছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে, ইনকিলাব মঞ্চ এর আগে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেও জনদুর্ভোগ এড়াতে রংপুরে সড়ক অবরোধ না করে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রামে সড়ক অবরোধ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। রোববার দুপুর ২টা থেকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় বিক্ষোভ শুরু করেন নেতা-কর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শাহ আমানত সেতু প্রবেশ মোড়ে অবস্থান নিয়ে মঞ্চের নেতা-কর্মীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি।
এদিকে, অবরোধের কারণে সৃষ্ট যানজট মোকাবিলায় এই সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, ‘যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। এই সড়কে যাতে চাপ না বাড়ে সেজন্য চালকদের বিকল্প সড়ক কালুরঘাট ও টানেল ব্যবহারের জন্য বলা হচ্ছে।’
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হাদি ত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।


